মেদিনীপুর শহরের পঞ্চুর চকে বামফ্রন্টের পথসভা—গণসংগীতে সূচনা, তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মণিকুন্তল খামরইয়ের সমর্থনে আয়োজিত পথসভায় জমে উঠল রাজনৈতিক লড়াইয়ের আবহ। সভার সূচনাতেই গণসংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ শাখার সদস্য-সদস্যারা, যা উপস্থিত জনতার মধ্যে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে।সভায় বক্তারা তীব্র ভাষায় তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শ্রমিক-কৃষকের অধিকার, কর্মচারীদের দাবি এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রশ্নে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তাঁরা।

এই পথসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের একাধিক নেতা, তাঁদের মধ্যে কুন্দন গোপ, পাপিয়া চৌধুরী, মানস প্রামানিক, স্বপন মিত্র, পীযূষ কান্তি মহান্তি, কৃষ্ণেন্দু পাঠক ও শাঁওলি দত্ত উল্লেখযোগ্য। সভায় সভাপতিত্ব করেন মানস প্রামানিক। এদিন শুধু পঞ্চুর চকেই নয়, শহরের জোড়া মসজিদ এলাকা, মোতি গ্যারেজ সংলগ্ন অঞ্চল, স্টেশন রোডের জল ট্যাঙ্কির সামনে, হরি সিনেমা চক-সহ একাধিক জায়গায় পথসভা সংগঠিত হয়। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে নিবিড় প্রচার কর্মসূচিতেও জোর দিচ্ছে বামপন্থীরা। সব মিলিয়ে, নির্বাচনের আগে বামফ্রন্টের এই ধারাবাহিক প্রচার কর্মসূচি মেদিনীপুরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলছে।