মোহনপুরে পথিকৃৎ ট্রাস্টের রজতজয়ন্তী সমাপন অনুষ্ঠান, সংবর্ধিত শতাধিক কৃতী পড়ুয়া!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে মোহনপুর ব্লকের স্বনামধন্য পথিকৃৎ ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অরুয়াঁর ইমেট-মোহনপুর পাবলিক স্কুলে। ২০০০ সালে পথচলা শুরু করা এই সংস্থার চলতি বছর ছিল রজতজয়ন্তী সমাপন বর্ষ। সেই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও NEET পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শতাধিক ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।

পাশাপাশি ১৫ জন দুঃস্থ ও মেধাবী পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় বিশেষ বৃত্তি।সুস্থ সমাজ গঠন এবং শিক্ষার প্রসারে অঙ্গীকারবদ্ধ পথিকৃৎ ট্রাস্ট প্রতি বছর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও দুঃস্থ মেধাবী পড়ুয়াদের বৃত্তি দিয়ে থাকে। দীর্ঘ ২৫ বছর ধরে সংস্থার এই ধারাবাহিক উদ্যোগ এলাকার শিক্ষামহলে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানা। দাঁতন ও মোহনপুরের প্রত্নসম্পদ নিয়ে তিনি প্রায় এক ঘণ্টার একটি সেমিনার পরিচালনা করেন।

আলোচনার পাশাপাশি দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক উপাদান প্রদর্শনের মাধ্যমে এলাকার ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন তিনি। তাঁর মনোগ্রাহী আলোচনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক শিবশংকর সেনাপতি, প্রখ্যাত চিকিৎসক ডা. বাদল অশ্রু ঘাঁটা, ইমেট-মোহনপুর পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন কুমার ভঞ্জ, দাঁতন ভট্টর কলেজের অধ্যাপক ড. সনাতন দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।সংস্থার সভাপতি অধ্যাপক কালীপদ গিরি তাঁর বক্তব্যে পথিকৃৎ ট্রাস্টের ২৫ বছরের পথচলার নানা স্মৃতি তুলে ধরেন। সংস্থার সাফল্যের নেপথ্যে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংস্থার সম্পাদক মিলন নায়ক জানান, পথিকৃৎ ট্রাস্টের পুরস্কার প্রদানের যাত্রা শুরু হয়েছিল মাত্র চারটি পুরস্কার দিয়ে। বর্তমানে সেই পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০-এ। এই পরিসংখ্যান সংস্থার দীর্ঘদিনের ধারাবাহিক কর্মকাণ্ড ও শিক্ষাক্ষেত্রে তার উদ্যোগের পরিচায়ক।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংস্থার বার্ষিক পত্রিকা ‘পথিকৃৎ’-এর রজতজয়ন্তী সমাপন সংখ্যা প্রকাশ। উদ্যোক্তাদের দাবি, মোহনপুর ব্লক থেকে প্রকাশিত এই পত্রিকাটি একমাত্র পত্রিকা, যা নিরবচ্ছিন্নভাবে গত ২৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে।শিক্ষার প্রসার, মেধার স্বীকৃতি, দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানো এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে পথিকৃৎ ট্রাস্টের রজতজয়ন্তী সমাপন অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করে।