নতুন ভোটারদের সচেতনতায় নাড়াজোল রাজ কলেজে বিশেষ কর্মশালা, উৎসাহে ভরপুর পড়ুয়ারা!

নিজস্ব সংবাদদাতা : নাড়াজোল রাজ কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “নতুন ভোটারদের জন্য সচেতনতা কর্মশালা”। কলেজের ইলেক্টোরাল লিটারেসি ক্লাব এবং দাসপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নতুন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মের ভোটারদের সচেতন ও দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি।কর্মশালায় নতুন ভোটারদের অধিকার, ভোটদানের গুরুত্ব এবং ভোটদানের সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দীপান্বিতা দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা আধিকারিক। তিনি প্রথমবারের ভোটারদের উৎসাহিত করে জানান, সঠিক সিদ্ধান্তে দেওয়া একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।এছাড়াও নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পদ্ধতি এবং ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রণব কুণ্ডু, দাসপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের আধিকারিক।

কলেজের ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের নোডাল অফিসার অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ ভারতীয় গণতন্ত্রে ভোটারদের ভূমিকা ও অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন। তিনি বলেন, গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে সচেতন ভোটারের হাতে।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অধ্যাপক বরুণ রাউত, নোডাল অফিসার, ইলেক্টোরাল লিটারেসি ক্লাব।অনুষ্ঠানের শেষ পর্বে দীপান্বিতা দাস ভোটার সচেতনতা বিষয়ক একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, যেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। প্রথমবারের ভোটারদের আগ্রহ, কৌতূহল এবং অংশগ্রহণে কর্মশালাটি সার্বিকভাবে সফল হয়ে ওঠে।