নাড়াজোল রাজ কলেজে মেধাস্বত্ব নিয়ে রাজ্যস্তরীয় সেমিনার, ছাত্রছাত্রীদের উৎসাহে জমজমাট আলোচনা সভা!
নিজস্ব সংবাদদাতা : মেধাস্বত্ব অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে উল্লেখযোগ্য উদ্যোগ নিল নাড়াজোল রাজ কলেজ। কলেজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেলের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের Patent Information Centre, Government of West Bengal-এর সহযোগিতা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় গত ৩০ মার্চ, সোমবার কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক রাজ্যস্তরীয় আলোচনা সভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পেটেন্ট ইনফরমেশন সেন্টারের বিজ্ঞানী ড. সঙ্গীতা সেনগুপ্ত এবং ড. অগ্নিজিতা দে,ড. রাজশ্রী দেবনাথ।দুই বক্তাই অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে Intellectual Property Rights (IPR)-এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আইনি সুরক্ষার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। একজন ব্যক্তি বা কোনও গোষ্ঠী কীভাবে তাদের উদ্ভাবনী দক্ষতা, গবেষণা বা নতুন চিন্তাধারাকে আইনি সুরক্ষার আওতায় এনে স্বীকৃতি ও সুবিধা পেতে পারেন, সেই প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং সংশ্লিষ্ট আইনকানুন নিয়ে বিশদ আলোচনা হয়।আলোচনা সভার অন্যতম আকর্ষণ ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব।
উপস্থিত ছাত্রছাত্রীরা মেধাস্বত্ব, পেটেন্ট, কপিরাইট ও উদ্ভাবনের স্বীকৃতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। বক্তারা ধৈর্যের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে তাদের কৌতূহল মেটান এবং বিষয়টিকে আরও সহজবোধ্য করে তোলেন।কলেজ কর্তৃপক্ষের মতে, ব্যক্তিগত ও স্থানীয় মেধার বিকাশ, সংরক্ষণ এবং যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে গবেষণামুখী ছাত্রছাত্রীদের কাছে এই সেমিনার নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন শিক্ষকমহল।