পশ্চিম মেদিনীপুরে মকরামপুরে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, চাঞ্চল্য নারায়ণগড়ে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রেল দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মকরামপুরের ১১ নম্বর রেলগেট সংলগ্ন চক মকরামপুর এলাকায় লাইনচ্যুত হল কয়লাবোঝাই একটি মালগাড়ির দুটি বগি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে কয়লা নিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল মালগাড়িটি।

চক মকরামপুর এলাকায় পৌঁছনোর পর আচমকাই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। কী কারণে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার জেরে ওই রুটে রেল চলাচলে কোনও প্রভাব পড়েছে কি না, সে বিষয়েও রেলের তরফে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। উদ্ধার ও মেরামতির কাজের অগ্রগতির পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণের দিকেও নজর রয়েছে রেল কর্তৃপক্ষের।