নারায়ণগড়ে শুরু MLA কাপ ২০২৬, ৩৬ স্কুলের ফুটবল লড়াই!
নিজস্ব সংবাদদাতা : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগড়ে শুরু হলো MLA কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। জানা গিয়েছে, নারায়ণগড় বিধানসভার অন্তর্গত মোট ৩৬টি স্কুলকে নিয়ে ১২ দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি প্রাক্তন সাংসদ তথা মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারী। তবে অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে ফোনের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানু। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমা প্রসাদ গিরি, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অমিয় কিস্কু, মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুছাইত,জেলা বিজেপির সভাপতি সমিত কুমার মণ্ডল,বিশিষ্ট সমাজসেবী মদন মোহন মাইতি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। সুসজ্জিত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুল পড়ুয়াদের পরিবেশনায় দেশাত্মবোধক নৃত্য অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক পর্ব শেষে উপস্থিত অতিথিরা মাঠে ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। ১২ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে হাড্ডাহাড্ডি ফুটবল লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা।