পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে রেশনের আটা পাচার চক্র ফাঁস, গুদাম থেকে উদ্ধার শতাধিক বস্তা!

নিজস্ব সংবাদদাতা :  পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে রেশনের আটা দিয়ে মাছের খাবার তৈরির আড়ালে ভিন রাজ্যে পাচারের এক বড় চক্রের পর্দাফাঁস হয়েছে। মঙ্গলবার নন্দকিশোরপুর এলাকায় বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা রেশনের আটা বোঝাই একটি গাড়ি হাতেনাতে আটক করেন। ঘটনার খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ, ব্লক খাদ্য দফতর এবং ডিইবি (DEB) যৌথভাবে অভিযান চালায়। এই ঘটনায় ধৃত ব্যবসায়ীর নাম প্রশান্তকুমার সাউ।প্রশাসনের পক্ষ থেকে নন্দকিশোরপুরে অভিযুক্ত ব্যবসায়ীর তিনটি গুদামে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ম্যারাথন তল্লাশি চালানো হয়। সেখানে সরকারি স্ট্যাম্প মারা কয়েকশো বস্তা রেশনের আটা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

সারি সারি আটা ভর্তি বস্তা দেখে রীতিমতো চমকে যান তদন্তকারীরা।অভিযুক্ত প্রশান্ত সাউ দাবি করেছেন, বৈধ কাগজপত্র রেখেই আটার সঙ্গে মুড়ি ও গম ভাঙা মিশিয়ে মাছের খাবার তৈরি করা হত এবং তা কটক, মালদহ-সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। তবে সরকারি রেশনের আটা তাঁর গুদামে কীভাবে এল, সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি।স্থানীয় বিজেপি নেতা চন্দন দাস এবং নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি যৌথভাবে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাদের যোগসাজশে সাধারণ মানুষের রেশনের চাল-আটা চুরি করে কালোবাজারি চালানো হচ্ছিল। তাঁদের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর মানুষ সাহস করে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।খাদ্য দফতর সূত্রে খবর, কোন কোন রেশন ডিলার এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।