চন্দ্রকোনা রোডে নতুন আলুবীজ ব্যবসায়ী সমিতি,শুরু রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে জোর চর্চা!
অভিজিৎ সাহা:পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুবীজ ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে গঠিত হলো নতুন সংগঠন ‘চন্দ্রকোনা রোড জোন রাষ্ট্রীয় আলুবীজ ব্যবসায়ী সমিতি’। সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ব্যবসায়ী মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।স্থানীয় ব্যবসায়ীদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কার্যকলাপে রাজনৈতিক প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। ফলে ব্যবসায়িক স্বার্থ রক্ষার ক্ষেত্রে স্বাধীনভাবে মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই নতুন এই সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি চন্দ্রকোনা রোড বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে একটি নতুন সংগঠন গঠিত হওয়ার পর এবার আলুবীজ ব্যবসায়ীদের মধ্যেও পৃথক সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। ফলে এলাকায় ব্যবসায়ী সংগঠনগুলির সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে।নবগঠিত সমিতির উদ্যোক্তাদের বক্তব্য, ব্যবসার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্র তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ্য।সমিতির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী বলেন,“আমরা মনে করি ব্যবসায়ীদের স্বার্থই হওয়া উচিত যে কোনও সংগঠনের প্রধান অগ্রাধিকার। সেই ভাবনা থেকেই একটি স্বাধীন ও জাতীয় চেতনায় পরিচালিত সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। সেই লক্ষ্যেই এই সমিতির পথচলা শুরু হয়েছে।”নতুন সংগঠন গঠনের পর এলাকায় আরও একটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। অনেকের মতে, আলুবীজ ব্যবসায়ীদের পরে এবার কি আলু ব্যবসায়ীদের মধ্যেও পৃথক কোনও সংগঠন গড়ে উঠবে? বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না ব্যবসায়ী মহলের একাংশ।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের উত্থান লক্ষ করা যাচ্ছে। চন্দ্রকোনা রোডে ‘চন্দ্রকোনা রোড জোন রাষ্ট্রীয় আলুবীজ ব্যবসায়ী সমিতি’র গঠনও সেই বৃহত্তর পরিবর্তনেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।এখন দেখার, নবগঠিত এই সংগঠন আগামী দিনে ব্যবসায়ীদের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং এর ফলে এলাকার ব্যবসায়ী মহলের সমীকরণে নতুন কোনও পরিবর্তন আসে কি না।