বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের বার্তা, বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস, মেদিনীপুর বিভাগের বিভাগীয় বন আধিকারিক এস. জোন্স জাস্টিন, আইএফএস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৌতম ব্যানার্জী-সহ জেলার একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা।এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ রোধ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্স চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, পরিবেশ রক্ষা শুধুমাত্র একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকা অপরিহার্য।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার ক্ষেত্রেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশবান্ধব উদ্যোগ, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে জেলা পুলিশ নিরন্তর কাজ করে চলেছে।