পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তিতে খড়গপুরে পুলিশের বার্তা, ‘নেশামুক্ত শহরের পাশাপাশি চুরি-ছিনতাই রুখতেও তৎপর পুলিশ!

অরিন্দম চক্রবর্তী : ৩ আগস্ট থেকে শুরু হওয়া পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে রবিবার খড়গপুরের ঝাপেটাপুর রাস ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক।পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি খড়গপুর শহরে সাম্প্রতিক চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলি নিয়েও পুলিশের তৎপরতার কথা উঠে আসে।সাম্প্রতিক সময়ে খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খড়গপুরে থাকা আরপিএফ-এর টিমের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে।পুলিশ সুপার জানান, খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানে বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। অপরাধ দমনের পাশাপাশি শহরকে নেশামুক্ত করার দিকেও পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।পুলিশ সুপারের কথায়, “যত দ্রুত সম্ভব খড়গপুর শহরকে নেশামুক্ত করার পাশাপাশি শহরে যাতে চুরি-ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সেদিকেও আমরা বিশেষ নজর রাখব।”পুলিশের এই আশ্বাসে খড়গপুর শহরে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার বিষয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।