মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শেখ রাজেশ ও শেখ শরিফুদ্দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মেদিনীপুর শহরের ওই এলাকায় মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে তথ্য আসছিল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। সেই সূত্র ধরেই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।

গোপন তথ্যের সত্যতা যাচাইয়ের পর বুধবার গভীর রাতে জেলা পুলিশের একটি বিশাল বাহিনী অভিযান চালায়।অভিযানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। পাশাপাশি নগদ কয়েক লক্ষ টাকা এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদক পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল।

এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং মাদকের উৎস কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে।ইতিমধ্যেই ধৃত দু'জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাঁদের আদালতে পেশ করার কথা। এই মাদক পাচার চক্রের পিছনে আরও বড় কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত শুরু করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। মেদিনীপুর শহরের বুকে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।