সম্প্রীতির ডাক: ৫২ সপ্তাহে ৫২ রক্তদান শিবিরের নজিরবিহীন উদ্যোগ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের!

নিজস্ব সংবাদদাতা : ধর্মীয় বিভাজনের আবহে সম্প্রীতির শক্ত বার্তা দিতে এক সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। টানা ৫২ সপ্তাহে ৫২টি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। তাঁর সোজাসাপ্টা মন্তব্য, দেশে যেভাবে ধর্মের নামে ভেদাভেদ বাড়ছে, তা লজ্জাজনক এবং উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সমাজকে পথ দেখাতে শিক্ষক সমাজকেই এগিয়ে আসতে হবে।অনিমেষবাবুর কথায়, রক্তের কোনও ধর্ম নেই। রক্তদান শিবিরে দেওয়া রক্তে হিন্দু-মুসলিম-খ্রিস্টান কোনও পরিচয় জুড়ে থাকে না—সেই রক্তই বিপদে মানুষের জীবন বাঁচায়।

তাই সম্প্রীতির সবচেয়ে বড় প্রতীক হতে পারে রক্তদান আন্দোলন।জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে রয়েছে ৫১টি চক্র। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি চক্র বছরে একবার করে রক্তদান শিবির আয়োজন করবে। সেই হিসেবে ৫১ সপ্তাহ ধরে চলবে শিবির। আর ৫২তম সপ্তাহে শিবিরের আয়োজন করবে স্বয়ং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ফলে গোটা বছরজুড়েই প্রতি সপ্তাহে রক্তদানের সঙ্গে যুক্ত থাকবেন প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা।এই বৃহৎ কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। অনিমেষ দে দাবি করেছেন, শুধু রাজ্য নয়, সারা দেশের রক্তদান আন্দোলনের ইতিহাসে এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে।