পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অভিনব সামার ইন্টার্নশিপ!
নিজস্ব সংবাদদাতা : প্লাস্টিকের বিকল্প গড়তে বড় উদ্যোগ! সাবাই ঘাসের হস্তশিল্প শিখে স্বনির্ভরতার পথে কলেজছাত্রীরা!জাতীয় শিক্ষা নীতি (NEP-2020)-এর আওতায় এক অভিনব সামার ইন্টার্নশিপ কর্মসূচির আয়োজন করল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এই কর্মসূচিতে ষষ্ঠ সেমেস্টারের প্রায় ১৬০ জন ছাত্রী নয়াগ্রামের অভিজ্ঞ কারিগরদের কাছ থেকে হাতে-কলমে শিখলেন সাবাই ঘাস দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির কৌশল।
ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ছাত্রীরা সাবাই ঘাস দিয়ে দড়ি, টেবিল ম্যাট, ঝুড়ি-সহ নিত্যপ্রয়োজনীয় ও শৌখিন নানা সামগ্রী তৈরির প্রশিক্ষণ নেন। দীর্ঘদিনের অভিজ্ঞ কারিগরদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের সৃজনশীল দক্ষতা বিকাশের পাশাপাশি স্বনির্ভরতার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোড়াই জানান, জাতীয় শিক্ষা নীতির মূল উদ্দেশ্য অনুযায়ী শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। তাঁর মতে, এই ধরনের প্রশিক্ষণ একদিকে যেমন গ্রামীণ কুটিরশিল্প ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, অন্যদিকে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়িয়ে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কলেজ কর্তৃপক্ষের আশা, এই প্রশিক্ষণ ভবিষ্যতে ছাত্রীদের আত্মকর্মসংস্থানের নতুন পথ খুলে দেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী সাবাই ঘাসের শিল্পকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে সহায়ক হবে।