মনোনয়নের আগে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো, সবং থেকে লড়াইয়ে নামার আগে রাজনৈতিক বার্তায় মানস ভূঁইয়া!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন রাজ্য রাজনীতি চূড়ান্ত ব্যস্ততার মধ্যে, ঠিক সেই সময় বৃহস্পতিবার খড়্গপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডা. মানস রঞ্জন ভূঁইয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা দিনটির সূচনা করেন ভক্তিভরে দেবীর আরাধনার মধ্য দিয়ে।মনোনয়ন জমা দেওয়ার আগে সকালেই তিনি স্বস্ত্রীক মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বটতলা কালী মন্দিরে পুজো অর্চনা করেন। দেবীর আশীর্বাদ নিয়েই নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দির স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত একটি ঐতিহ্যবাহী উপাসনাস্থল। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মানস ভূঁইয়া। বিশেষ করে রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, তা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়া মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ও অনিশ্চয়তা বাড়াচ্ছে, যা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের পক্ষে মোটেই শুভ নয়।

একইসঙ্গে, মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি সবংবাসীর আশীর্বাদ, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। মানুষের আস্থা ও স্নেহকেই নিজের রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বর্ষীয়ান এই নেতা।পুজো-অর্চনার আধ্যাত্মিক আবহ থেকে শুরু করে নির্বাচনের আগে স্পষ্ট রাজনৈতিক বার্তা—সব মিলিয়ে বৃহস্পতিবারের এই কর্মসূচি ভোটের প্রাক্কালে বিশেষ তাৎপর্য বহন করছে।সবংয়ের লড়াইয়ে মানস ভূঁইয়ার এই বার্তা কতটা প্রভাব ফেলবে, এখন নজর রাজনৈতিক মহলের?