“আমাকে বাঁচান স্যার”—হোয়াটসঅ্যাপ মেসেজেই তৎপরতা, বিয়ের মণ্ডপ থেকে তরুণীকে উদ্ধার সবং পুলিশের!

নিজস্ব সংবাদদাতা : একটি হোয়াটসঅ্যাপ বার্তা—আর তাতেই বদলে গেল এক তরুণীর জীবন। “আমাকে বাঁচান স্যার, আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা করতে চাই”—এই আবেদন পৌঁছতেই আর দেরি করেননি Shubhankar Roy, সবং থানার ওসি। সঙ্গে সঙ্গেই পুলিশ বাহিনী নিয়ে তিনি ছুটে যান বিয়ের আসরে এবং সেখান থেকেই উদ্ধার করেন জোর করে বিয়েতে বসানো এক তরুণীকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবংয়ের ১০ নম্বর ভেমুয়া এলাকার বাসিন্দা ওই তরুণীর লক্ষ্য ছিল উচ্চশিক্ষা। কিন্তু পরিবারের ইচ্ছায় তাঁর অমতেই বিয়ের আয়োজন শুরু হয়। বেড়াতে যাওয়ার নাম করে তাঁকে বুড়ালে মামাবাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছে তিনি জানতে পারেন—শনিবারই তাঁর বিয়ে ঠিক হয়েছে।এই পরিস্থিতিতে প্রতিবাদ করতেই তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় পরিবারের সদস্যরা। তবুও হার মানেননি ওই তরুণী। পাশের বাড়ির এক ব্যক্তির ফোন ব্যবহার করে তিনি কোনওভাবে থানার ওসির কাছে বার্তা পাঠান।মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। আচমকা অভিযানে হতবাক হয়ে যায় পরিবারের লোকজন। তরুণীকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্পষ্ট জানান, এখনই বিয়ে নয়—তিনি নিজের পায়ে দাঁড়াতে চান, পড়াশোনা চালিয়ে যেতে চান।শেষমেশ পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয়েছে—মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনওভাবেই বিয়ে দেওয়া যাবে না। পুলিশের এই তৎপরতায় নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন সেই সাহসী তরুণী।