পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানিতে ৫.৪০ কোটির আধুনিক কৃষিজ মার্কেট কমপ্লেক্স, কৃষক ও উচ্ছেদ ব্যবসায়ীদের স্বস্তি!

নিজস্ব সংবাদদাতা :  কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সড়ক সম্প্রসারণের জেরে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানিতে প্রায় ৫ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠছে অত্যাধুনিক বহুতল কৃষিজ বিপণন কেন্দ্র বা মার্কেট কমপ্লেক্স।২৩শে ফেব্রুয়ারি সোমবার West Bengal State Agricultural Marketing Board-এর তত্ত্বাবধানে এবং পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানসরঞ্জন ভুঁইঞা-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই আধুনিক বিপণন কেন্দ্রটি মূলত সবং ব্লকের কৃষকদের সুবিধার্থে নির্মিত হলেও পার্শ্ববর্তী আরও ছ’টি ব্লকের চাষিরাও সরাসরি উপকৃত হবেন। উন্নত পরিকাঠামো, সংরক্ষণ ও বিপণনের সুযোগ থাকায় কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, তেমাথানি–পটাশপুর রাজ্য সড়ক সম্প্রসারণের সময় বহু ব্যবসায়ীকে উচ্ছেদ হতে হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, রাস্তার কাজ শেষ হলে তাঁদের জন্য একটি স্থায়ী মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষাতেই এদিন বহুতল এই বিপণন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—দু’পক্ষের স্বার্থরক্ষায় এই প্রকল্প আগামী দিনে এলাকায় অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে বলেই মনে করছে প্রশাসন।