স্কুটারে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু ১০ বছরের তানবিরের!
অভিজিৎ সাহা, শালবনি: বাবার সঙ্গে স্কুটারে চেপে বাড়ি ফিরছিল বছর দশেকের তানবির হোসেন। কিন্তু বাড়ি থেকে আর মাত্র কিছুটা দূরে পৌঁছনোর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় শিশুটির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা সঞ্জীব হোসেন।বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত সৈয়দপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটারে করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে দু'জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তানবিরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
গুরুতর আহত অবস্থায় সঞ্জীব হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তা পেরোনোর সময় দ্রুতগতির একটি ট্রাক স্কুটারটিকে ধাক্কা মারে। এরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।শিশুর মৃত্যুর খবরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এলাকায় নিয়মিত বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনি থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটিকে চিহ্নিত করার পাশাপাশি চালকের খোঁজও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। এক মুহূর্তে পরিবারের কোল খালি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন মৃত শিশুর পরিবারের ।