শালবনিতে ‘অগ্নিকন্যা’ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা, আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষণ পেলেন ছাত্রীরা!
অভিজিৎ সাহা : নারী সুরক্ষা ও আত্মরক্ষার প্রতি ছাত্রীদের আরও সচেতন এবং আত্মবিশ্বাসী করে তুলতে বিশেষ উদ্যোগ নিল শালবনি থানা। শালবনি থানার উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় শালবনির রানা পাড়া ময়দানে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘অগ্নিকন্যা’ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা।
এই প্রশিক্ষণ শিবিরে শালবনির বিভিন্ন স্কুল থেকে আগত বিপুল সংখ্যক ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রানা পাড়া ময়দান প্রাণবন্ত হয়ে ওঠে। দক্ষ ক্যারাটে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীদের হাতে-কলমে শেখানো হয় আত্মরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের DySP, DEB, শালবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।
মঞ্চে উপস্থিত অতিথিবর্গ তাঁদের বক্তব্যে বর্তমান সময়ে ছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মনির্ভরতা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে শালবনি থানার পক্ষ থেকে এক কৃতী ছাত্রীর হাতে প্রশংসাপত্র ও ৫ হাজার টাকার চেক তুলে দিয়ে তাঁকে বিশেষভাবে সংবর্ধিত ও উৎসাহিত করা হয়।‘অগ্নিকন্যা’ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে এলাকার ছাত্রীদের আত্মরক্ষায় দক্ষ ও আরও আত্মবিশ্বাসী করে তোলার এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।