বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির শুভ সূচনা, বৃক্ষরোপণ করলেন বিধায়ক বিমান মাহাতো!

অভিজিৎ সাহা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত গড়বেতা-৩ ব্লকের উদ্যোগে এবং চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার সকাল ১১টায় সারদাময়ী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘একটি গাছ মায়ের নামে’।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো। তাঁর হাত ধরেই শুরু হয় এ বছরের বৃক্ষরোপণ অভিযান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য, বিএমওএইচ ডাঃ অমিত মালাকার, এডিএ সুব্রতবাবু-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই উপলক্ষে বিধায়ক বিমান মাহাতো বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকেও সুরক্ষিত রাখে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি মানুষের সঙ্গে প্রকৃতির আবেগের বন্ধনকে আরও দৃঢ় করবে। আগামী দিনে শালবনী বিধানসভা এলাকাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলাই আমাদের লক্ষ্য।”আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয় এই কর্মসূচির। আয়োজকদের মতে, ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। তাই সকলের উচিত বেশি করে গাছ লাগানো এবং প্রকৃতিকে রক্ষা করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী উপহার দেওয়া।