ডিম হাতে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও, দুর্নীতির অভিযোগে শালবনিতে তুমুল বিক্ষোভ!
সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত ১০ নম্বর কর্ণগড় অঞ্চলে বুধবার সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শালবনি পঞ্চায়েত সমিতির সদস্যা নিবেদিতা মাইতির বাড়ির সামনে ডিম হাতে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। বিক্ষোভে অংশ নেন বিজেপির কর্মী-সমর্থকরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পে স্বজনপোষণ, অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগও সামনে এসেছে।
অভিযোগকারীদের দাবি, একাধিকবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।গ্রামবাসীদের একাংশের বক্তব্য, এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি সাধারণ মানুষ। প্রতিবাদ করতে গিয়ে অনেককেই হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের ফলে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে এসেছে।বুধবার সকালে বিক্ষোভকারীরা সদস্যার বাড়ির সামনে জড়ো হয়ে ডিম হাতে প্রতিবাদ জানান।
তাঁরা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় শালবনি থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার উপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা বা শাসকদলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।