গ্রামবাংলার স্কুল থেকে থ্রিডি প্রিন্টিং বিপ্লব, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে বিজ্ঞান ও প্রযুক্তির অনন্য সম্মেলন!

নিজস্ব সংবাদদাতা : একসময় যেখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, আজ সেই অঞ্চলই প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিশা দেখাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী থ্রিডি প্রিন্টিং সম্মেলন ও প্রদর্শনী, যা গ্রামীণ শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।বিদ্যালয়ের প্রথমদিকের ছাত্র অলক মাহাত ও ছাত্রী রুম্পা মাহাত, যারা দুজনেই অত্যন্ত দরিদ্র পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী, আজ বিদেশে গবেষণারত। তাঁদের সাফল্যই প্রমাণ করে দিয়েছে যে মেধা, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামবাংলার ছাত্রছাত্রীরাও বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

বর্তমানে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।বিজ্ঞান শিক্ষাকে আরও বাস্তবমুখী করে তুলতে ২০২৪ সালে আইআইটি মাদ্রাজের অ্যাপ্লায়েড মেকানিক্স বিভাগের অধ্যাপক ড. পীযূষ ঘোষের উদ্যোগে ‘টিচ টু লার্ন’ (Teach To Learn) প্রকল্পের অধীনে পশ্চিম মেদিনীপুর জেলার ছয়টি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ডিভাইস ইঞ্জিনিয়ারিং ল্যাব (DEL)। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স-এর অন্যতম কর্ণধার ড. গোপালচন্দ্র বেরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) অমিত রায়, ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অ্যাটাশে প্রফেসর ফুয়াদ এবং ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সম্পাদক চন্দন বসু।প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রপাতির মাধ্যমে। পরবর্তীতে শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহ দেখে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়।এই সম্মেলন ও প্রদর্শনীর আয়োজক শুধু মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল, গৌতম স্মৃতি সাতপাটি বীণাপাণি বিদ্যাভবন, পিড়াকাটা হাই স্কুল, গোদাপিয়াশাল চারুবালা বালিকা বিদ্যালয় এবং মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়। দুই বছরের দীর্ঘ কর্মসূচির পরিণতি হিসেবেই আয়োজিত হয়েছে এই থ্রিডি প্রিন্টিং সম্মেলন ও প্রদর্শনী। উল্লেখ্য, ২৩ জুন শুরু হওয়া এই তিন দিনব্যাপী থ্রিডি প্রিন্টিং সম্মেলন ও প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত।