শিরোমনিতে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির, ৩১ জনের রক্তদান; রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল বৃক্ষচারা!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরোমনি বিষড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিরোমনি হিন্দু পরিষদের উদ্যোগে, সমাজসেবী সংস্থা ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় এবং শিরোমনি হিন্দু যুব বাহিনীর সক্রিয় সদস্য অরূপ সিংহের সার্বিক তত্ত্বাবধানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
সংগৃহীত রক্ত গ্রহণ করে মেদিনীপুর ব্লাড ব্যাংক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২৮ খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকার সমাজকর্মী অজয় জানা, শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য, ৩ নম্বর মণ্ডলের সমাজকর্মী সন্দীপ করম, রাহুল কোলে, দেবব্রত দাস, সৌমেন দত্ত-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রক্তদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক রক্তদাতার হাতে উপহার হিসেবে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। আয়োজকদের এই উদ্যোগ মানবসেবার পাশাপাশি পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।