সাইবার জাল থেকে বাঁচতে সতর্কবার্তা, চন্দ্রকোনায় সচেতনতা শিবিরে জেলা পুলিশ সুপার!
অভিজিৎ সাহা : সমাজকে আরও নিরাপদ ও সচেতন করে তুলতে বাল্যবিবাহ, সাইবার প্রতারণা এবং নারী সুরক্ষা নিয়ে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। জেলা পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো, চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত দোলুই, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), সার্কেল ইন্সপেক্টর-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।বক্তারা বাল্যবিবাহের সামাজিক ও আইনগত ক্ষতিকর প্রভাব, নারীদের নিরাপত্তা ও অধিকার এবং বর্তমান সময়ে দ্রুত বেড়ে চলা সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষভাবে জানানো হয়, অপরিচিত ব্যক্তির ফোন, এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ, ভুয়ো লিঙ্ক কিংবা অনলাইন লেনদেনের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে হবে।এছাড়াও নারী সুরক্ষায় বিদ্যমান বিভিন্ন সরকারি উদ্যোগ, আইনি সহায়তা এবং জরুরি পরিষেবার বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় প্রশাসন এবং সমাজের প্রতিটি মানুষের সক্রিয় ভূমিকার উপর জোর দেন বক্তারা। একই সঙ্গে কোনও সন্দেহজনক ঘটনা বা প্রতারণার আশঙ্কা দেখা দিলে অবিলম্বে পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে সচেতনতামূলক এই শিবির প্রাণবন্ত হয়ে ওঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।