'এমন মানুষ হও, সবাই যেন তোমাদের অনুসরণ করে'—ডিএভি স্কুলে পড়ুয়াদের বার্তা পুলিশ সুপারের

নিজস্ব সংবাদদাতা : দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল পদমর্যাদা প্রদান (Investiture Ceremony)। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদের ব্যাজ ও স্যাশ তুলে দেওয়া হয়।

এবার মোট ৭২ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন পদে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— "দায়িত্বকে সম্মান জানাতে, উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করতে।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। নবনির্বাচিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা যখন রাস্তায় চলবে, মানুষ যেন তোমাদের দেখিয়ে বলে— ওর মতো হও। তোমাদের আচরণ, শিক্ষা, শৃঙ্খলা ও সংস্কৃতি এমন হোক, যা অন্যদের কাছে অনুকরণীয় হয়ে ওঠে।"

বিশেষ করে ছাত্রীদের উদ্দেশে তিনি আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সমাজের নেতৃত্বদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবনির্বাচিত পদাধিকারী ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকারা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিদ্যালয়ের অধ্যক্ষ এন. কে. গৌতম তাঁর বক্তব্যে বলেন, "আজকের এই ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও দেশের ভবিষ্যৎ কান্ডারি। তাদের বিভিন্ন নেতৃত্বের দায়িত্ব অর্পণের মাধ্যমে সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি, দলগতভাবে কাজ করার মানসিকতা, নেতৃত্বের দক্ষতা, পরিচালন ক্ষমতা, দায়িত্ববোধ ও কর্তব্যজ্ঞান আরও বিকশিত হবে। এই গুণাবলিই ভবিষ্যতে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণ এবং 'বন্দে মাতরম' পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের। উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত ছাত্র-ছাত্রীরা নিজেদের নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার গ্রহণ করেন।