মাছের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি রুখতে চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার!

অভিজিৎ সাহা : নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য কালোবাজারি রুখতে রবিবার চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শন চালাল জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-র নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি যৌথ টিম বাজারের বিভিন্ন অংশ ঘুরে মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে।রবিবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ পুলিশ সুপার হাটচালি বাজারে পৌঁছে সবজি ও মাছ বাজার ঘুরে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, স্থানীয় প্রশাসনের আধিকারিক, বিডিও, ওসি, আইসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

প্রথমে সবজি বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির দাম নিয়ে কথা বলেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছ থেকেও বর্তমান বাজারদর সম্পর্কে মতামত নেওয়া হয়।

এ সময় একাধিক ক্রেতা মাছের অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার সরাসরি মাছ বাজারে যান এবং বিভিন্ন প্রজাতির মাছের বিক্রয়মূল্য, সরবরাহ ব্যবস্থা ও মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বিক্রেতাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কালোবাজারির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়। প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনে বাজারে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও সাধারণ ক্রেতারা উদ্যোগটিকে স্বাগত জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রুখতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও আকস্মিক পরিদর্শন নিয়মিত চালানো হবে।

বাজার পরিদর্শনের পর পুলিশ সুপার ও প্রশাসনের প্রতিনিধিদল গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।