মেদিনীপুরে যক্ষা নির্মূল কর্মসূচি, প্রাক্তন সরকারের বিরুদ্ধে সরব জুন মালিয়া!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচিতে অংশ নিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শংকর গুছাইত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী, অ্যাডিশনাল এসপি, পৌরপ্রধান সৌমেন খান-সহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন জুন মালিয়া। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সাংসদদের অবহিত করা হলেও, সেই প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় সুযোগ বা সহযোগিতা দেওয়া হতো না। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিনের কর্মসূচিতে বেশ কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত আধিকারিকরা।কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান জুন মালিয়া।

তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসার পাশাপাশি পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।সব মিলিয়ে, মেদিনীপুরের এই স্বাস্থ্য কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তাও উঠে আসে। সরকারি স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি অতীতে মানুষকে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে পূর্বতন সরকারকে কাঠগড়ায় তোলেন সাংসদ জুন মালিয়া।