মেদিনীপুরে ‘বিজয় সংকল্প সভা’য় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তোপ: শঙ্কর গুছাইতের সমর্থনে জনজোয়ার!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ আরও বাড়াল বিজেপির ‘বিজয় সংকল্প সভা’। সোমবার, ২০ এপ্রিল এনায়েতপুর মাঠে আয়োজিত এই বৃহৎ জনসভায় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma, যা স্বাভাবিকভাবেই সভার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।দুপুর নাগাদ হেলিপ্যাডে অবতরণ করে সরাসরি সভামঞ্চে পৌঁছান তিনি।

মঞ্চে উঠে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানান হেমন্ত বিশ্ব শর্মা। তাঁর বক্তব্যে উঠে আসে প্রশাসন ও শাসনব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন।একইসঙ্গে উন্নয়নের স্বার্থে মেদিনীপুরের বিজেপি প্রার্থী ডাঃ শঙ্কর গুছাইতকে সমর্থন করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, পরিবর্তন ছাড়া এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

এদিনের সভায় বিজেপি কর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি চোখে পড়ে। এনায়েতপুর মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ—‘বিজয় সংকল্প’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সভাস্থল।রাজনৈতিক মহলের মতে, এই জনসভা মেদিনীপুরের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলল।