পরিবেশ রক্ষায় অঙ্গীকার, বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এনএসএস (NSS) সেল এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ বিষয়ক বিশেষ সেমিনার। পাশাপাশি ‘উন্নত ভারত অভিযান’ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের দত্তক নেওয়া গ্রামগুলিতেও পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, রেজিস্ট্রার ড. জয়ন্ত কুমার নন্দী, এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের অধিকর্তা ড. জতিশংকর বন্দ্যোপাধ্যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিভাগের ডিএফও এস. জোন্স জাস্টিন এবং সিলভিকালচারের ডিএফও অংশুমান মুখোপাধ্যায়।সকালে পরিবেশ সচেতনতা র্যালির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দত্তক নেওয়া গ্রামগুলিতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মেহগনি, নিম, বকুল-সহ ৫০টিরও বেশি মূল্যবান ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এনএসএস স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, “শুধু একটি দিনে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, সেই গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।
পরিবেশ রক্ষা আসলে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।” অতিথি বন আধিকারিকরাও বর্তমান বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এনএসএস স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এবং গ্রামীণ এলাকায় পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।