আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন চ্যাম্পিয়নশিপে সাফল্যের ছাপ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে রৌপ্য ও ব্রোঞ্জ!

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য আমন্ত্রণমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন ক্রীড়া (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা দল। গত ১৭ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।প্রতিযোগিতার রিদমিক যোগাসন বিভাগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপর্ণা দে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে বিন্দু বিশোই তৃতীয় স্থান লাভ করে বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে ব্রোঞ্জ পদক যোগ করেন।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) চিরঞ্জীব ভট্টাচার্য। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব সায়েন্স, ডিন অব আর্টস এবং শারীরশিক্ষা বিভাগের প্রধানসহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এই সাফল্যের জন্য পুরস্কারপ্রাপ্ত ছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে একইভাবে সাফল্যের ধারা বজায় রাখবে।