বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ICAMAIA–2026, আলোচনায় AI ও গণিতের ভবিষ্যৎ!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ১৯শে জুন গণিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ক্রমবর্ধমান আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “Advances in Mathematics for Artificial Intelligence and Applications (ICAMAIA–2026)”। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু হলে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, গবেষণা ও উন্নয়ন কোষের অধিকর্তা অধ্যাপক অজয় কুমার মিশ্র, সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক মধুমঙ্গল পাল, বিভিন্ন সহযোগী কলেজের অধ্যক্ষবৃন্দ এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

স্বাগত ভাষণে অধ্যাপক মধুমঙ্গল পাল আধুনিক প্রযুক্তির যুগে গণিতের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, অপ্টিমাইজেশন, গ্রাফ থিওরি, পরিসংখ্যানভিত্তিক শিক্ষণ, কম্পিউটার ভিশন এবং বুদ্ধিমান প্রযুক্তির উন্নয়নে শক্তিশালী গাণিতিক ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজক হিসেবে রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, গড়বেতা কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, খড়গপুর কলেজ, মহিষাদল রাজ কলেজ, প্রভাত কুমার কলেজ এবং যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়।

সম্মেলনের সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করছে শ্রীধরাচার্য একাডেমি অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সেস (SAAMS)।সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচিতে জার্মানি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক এবং ডেনমার্কের বিশিষ্ট গবেষকদের পাশাপাশি আইআইএসসি বেঙ্গালুরু, আইআইটি খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রখ্যাত শিক্ষাবিদদের মূল ও আমন্ত্রিত বক্তৃতা অন্তর্ভুক্ত রয়েছে।