বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার প্রকাশ—উপাচার্যের হাত ধরে তুলে ধরা হল সাফল্যের ঝলক!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষা ও গবেষণায় এক বছরের উল্লেখযোগ্য সাফল্যকে সামনে এনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নিউজলেটার। সোমবার ২৭শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিস্টার নিবেদিতা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকাশনা করেন উপাচার্য দীপক কুমার কর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, গবেষক ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। উৎসাহ ও উদ্দীপনার মধ্যেই প্রকাশিত হয় এই বার্ষিক সংকলন, যেখানে গত এক বছরের বিশ্ববিদ্যালয়ের বহুমুখী কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

নিউজলেটারের এই সংখ্যায় রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাফল্যের বিস্তৃত চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রে নতুন পেটেন্ট, গুরুত্বপূর্ণ প্রকাশনা, বিভিন্ন সম্মাননা ও ফেলোশিপ অর্জনের তথ্যও স্থান পেয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, উপাচার্যের নেতৃত্বে গত এক বছরে শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে। এই নিউজলেটার সেই সম্মিলিত অর্জনেরই একটি দলিল, যা ভবিষ্যতের পথচলাকেও আরও দৃঢ় করবে।