প্রাকৃতিক তন্তু থেকেই সার্জিক্যাল সেলাই! যুগান্তকারী গবেষণায় নতুন দিগন্ত খুলল বাংলার বিজ্ঞানীরা!

নিজস্ব সংবাদদাতা : প্রাকৃতিক উদ্ভিদ তন্তু থেকে পরিবেশবান্ধব সার্জিক্যাল সেলাই উপকরণ তৈরির ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করলেন গবেষকরা। Vidyasagar University, Lady Brabourne College এবং Botanical Survey of India-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে।গবেষণায় দেখা গিয়েছে, Calamus viminalis উদ্ভিদ থেকে সংগৃহীত প্রাকৃতিক তন্তু ভবিষ্যতে সিন্থেটিক সার্জিক্যাল সেলাইয়ের কার্যকর বিকল্প হতে পারে। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা Journal of Polymers and the Environment-এ প্রকাশিত এই গবেষণা ইতিমধ্যেই বিজ্ঞান মহলে সাড়া ফেলেছে।

গবেষণায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিক। সম্পূর্ণ প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল হওয়ায় এই তন্তু পরিবেশবান্ধব। পাশাপাশি এর টেনসাইল স্ট্রেংথ প্রায় ৬৫৮ MPa, যা যথেষ্ট শক্তিশালী। তন্তুটি প্রায় ৭৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম বলেও জানিয়েছেন গবেষকরা।

জৈব সামঞ্জস্যতার ক্ষেত্রেও মিলেছে ইতিবাচক ফল—কোষে ৬৫ শতাংশের বেশি জীবিত থাকার হার লক্ষ্য করা গিয়েছে। এমনকি প্রাণীদেহে পরীক্ষাতেও কোনো প্রদাহ ছাড়াই সফলভাবে ক্ষত নিরাময়ের প্রমাণ মিলেছে।

এই গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উদ্ভিদ সনাক্তকরণের দায়িত্বে ছিল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, উপাদান বিশ্লেষণের কাজ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং জৈব পরীক্ষার দায়িত্ব সামলেছে লেডি ব্রাবোর্ন কলেজ।