বিদ্যাসাগর শিশু নিকেতনে ট্রাফিক সচেতনতা শিবির, নিরাপদ সড়কের বার্তা পুলিশ-প্রশাসনের!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন-এ বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হল একটি বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচি। নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ , মেদিনীপুরের আঞ্চলিক পরিবহন আধিকারিক (RTO) সন্দীপ সাহা এবং কোতোয়ালি ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জ প্রদীপ মণ্ডল।

তাঁরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং পথচলায় সতর্ক থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এই সচেতনতামূলক কর্মসূচিতে শুধু ছাত্রছাত্রী নয়, তাঁদের অভিভাবক, স্কুল বাস ও পুল কার চালকরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ।বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলবে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।