জঙ্গলমহলের ছাত্রীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে নতুন ভবন!
নিজস্ব সংবাদদাতা : শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করতে মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ)-এ সাংসদ তহবিল থেকে ₹৬০ লক্ষ ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হল। নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোরাই-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, এই নতুন ভবন মেদিনীপুর ও জঙ্গলমহল এলাকার ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর মতে, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।তিনি আরও বলেন, "এই ভবন আগামী দিনে অসংখ্য ছাত্রীর শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস। উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ভবন চালু হওয়ায় কলেজের একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ছাত্রীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে আগামী দিনেও সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।