বড় বড় গর্তে বিপজ্জনক পশ্চিম মেদিনীপুরের চাংশোল-কইমা রাস্তা, সংস্কারের দাবি জোরালো!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর-লালগড় রাজ্য সড়কের চাংশোল থেকে কইমা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং ধুলোর কারণে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া, রোগীবাহী অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন— সকলেরই এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই এই রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

অভিযোগ, গত তিন বছরে একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ এবং গণআন্দোলন হলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য মেরামতির কাজ শুরু হয়নি।

এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন শালবনির বিধায়ক বিমান মাহাতো এবং মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর গুছাইত। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংস্কার না হওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।দুই বিজেপি বিধায়ক জানান, বর্তমানে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তাঁদের আশ্বাস, চাংশোল থেকে কইমা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।