বেলদা-২ গ্রাম পঞ্চায়েতে নতুন শ্যামাপ্রসাদ ভবনের উদ্বোধন, উন্নত পরিষেবার আশায় এলাকাবাসী!
তুহিন কান্তি দাস: সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও দ্রুত প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত শ্যামাপ্রসাদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ভবনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমাপ্রসাদ গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সৌমেন্দ্রনাথ এক্কা, বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গৌরীশঙ্কর অধিকারী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে এলাকার চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক, সমাজসেবী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নবনির্মিত এই ভবনের মাধ্যমে পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম আরও সুসংহত ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।বিধায়ক রমাপ্রসাদ গিরি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হল পঞ্চায়েত ব্যবস্থা। তাই মানুষের প্রত্যাশা পূরণে পঞ্চায়েতকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন শ্যামাপ্রসাদ ভবন চালু হওয়ার ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা আরও সহজে ও দ্রুত পাবেন। একইসঙ্গে প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।