ডেবরায় চলন্ত লরিতে ভয়াবহ আগুন, জাতীয় সড়কে আতঙ্ক ও যানজট!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কে চলন্ত একটি লরিতে হঠাৎ আগুন লেগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হলদিয়া-মেদিনীপুর রুট ধরে চলা লরিটি হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো লরিটিকে গ্রাস করে নেয়। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে অনুমান, লরির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও, ব্যস্ত জাতীয় সড়কে এমন অগ্নিকাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।