স্বাধীনতা দিবসে সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবুজ উদ্যোগ, বিতরণ নারকেল চারা!

অরিন্দম চক্রবর্তী : সাড়ম্বরে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবং ব্লক কমিটির উদ্যোগে এবং সবং থানার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ১৫ আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।সকালে রুইনানে ট্রাস্টের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর সবং অনাথবন্ধু স্মৃতিসৌধের সামনে পথচলতি প্রায় ১০০ জন মানুষের মধ্যে নারকেল চারা বিতরণ করা হয়।‘গাছ লাগান, প্রাণ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ট্রাস্টের কর্মকর্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি গোপাল চক্রবর্তী, ব্লক সম্পাদক চণ্ডীচরণ মিশ্র, কার্যকরী সভাপতি বিশ্বরঞ্জন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পদ্মনাভ মিশ্র-সহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা।

সবুজায়নের বার্তা নিয়ে এদিন ট্রাস্টের সদস্যদের সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবং থানার অফিসার-ইন-চার্জ সৌম্যদীপ বেরা। স্বাধীনতা দিবসের তাৎপর্যের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা যুক্ত করে ট্রাস্টের এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহ দেখা যায়।