মেদিনীপুর ও খড়গপুরে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট প্রকল্প, সফল হলে রাজ্যজুড়ে চালু হবে মডেল: দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আগের সরকার অর্থ বরাদ্দ করলেও এখনও পর্যন্ত কোনও পঞ্চায়েতই এই প্রক্রিয়া সফলভাবে শুরু করতে পারেনি বলে দাবি করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার এই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার।আইআইটি খড়গপুরের সঙ্গে আলোচনা করে মেদিনীপুর ও খড়গপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুটি পাইলট প্রকল্প শুরু করা হবে। এই প্রকল্প সফল হলে ধাপে ধাপে একই মডেল গোটা পশ্চিমবঙ্গে চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।বর্জ্য ব্যবস্থাপনায় পঞ্চায়েতগুলিকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে সার, জ্বালানি এবং অন্যান্য উপযোগী সম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এছাড়াও গ্রামাঞ্চলে মানববর্জ্য সংগ্রহ ও বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াকরণের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় সংস্থাগুলিও আর্থিকভাবে লাভবান হতে পারে।পাশাপাশি, শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণকে কার্যকর করতে বিজ্ঞানভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেওয়া হচ্ছে।