প্রধানমন্ত্রী মোদির পথে শুভেন্দু, কনভয়ের গাড়ি কমানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র পথ অনুসরণ করে এবার নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য যতটা প্রয়োজন, তার অতিরিক্ত কোনও গাড়ি আর কনভয়ে রাখা হবে না। বুধবার থেকেই এই নতুন নির্দেশ কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেশের অর্থনীতিকে (Indian Economy) সুরক্ষিত রাখতে এবং জ্বালানি সাশ্রয়ে (Fuel Saving) নিজের কনভয়ের বহর একধাক্কায় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি (PM Narendra Modi Convoy)।

একই সঙ্গে কনভয়ে বৈদ্যুতিক যান (EV) ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তিনি তাঁর সরকারি কনভয়ে ব্যবহৃত গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেন। একইসঙ্গে দেশবাসীর কাছে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো, যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানান।সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক গুজরাত ও অসম সফরেও সীমিত সংখ্যক গাড়ি নিয়ে কনভয় পরিচালনা করা হয়েছিল। এরপরই বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রীরাও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সামিল হতে শুরু করেছেন। সেই তালিকায় এবার নাম যোগ হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।