হলদিয়ার মঞ্চে বাংলার জন্য ৬ গ্যারান্টি ঘোষণা মোদীর, অনুপ্রবেশ–দুর্নীতি–নারী সুরক্ষায় কড়া বার্তা!

নিজস্ব সংবাদদাতা :  পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গের জন্য ৬টি বড় প্রতিশ্রুতির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের প্রচারে তিনি নিরাপত্তা, দুর্নীতি দমন, নারী সুরক্ষা, প্রশাসনিক জবাবদিহি এবং সরকারি কর্মীদের স্বার্থকে সামনে রেখে একগুচ্ছ বার্তা দেন। সভা থেকে মোদীর সবচেয়ে জোরালো বার্তা ছিল, “অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।” এই ইস্যুকেই তিনি প্রচারের অন্যতম কেন্দ্রবিন্দু করে তোলেন। তাঁর দাবি, রাজ্যে নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় এবং সিদ্ধান্তমূলক সরকার প্রয়োজন।

মোদীর বাংলার জন্য ৬ দফা প্রতিশ্রুতি হলদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ৬ গ্যারান্টি :

১) অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়ন
বাংলায় নিরাপত্তা জোরদার করতে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা।

২) দুর্নীতির সব ফাইল ফের খোলা হবে
রাজ্যের সমস্ত দুর্নীতির মামলার পুনরায় তদন্তের আশ্বাস।

৩) নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় দ্রুত বিচার
অমীমাংসিত সব নারী নির্যাতনের মামলার ফাইল পুনরায় খুলে দ্রুত পদক্ষেপ।

৪) আইনের শাসন ও জবাবদিহিমূলক প্রশাসন
স্বচ্ছ, কঠোর এবং সম্পূর্ণ দায়বদ্ধ প্রশাসনের প্রতিশ্রুতি।

৫) সপ্তম বেতন কমিশন কার্যকর
রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালুর আশ্বাস।

৬) ‘গুন্ডারাজ’ ও অপরাধে জিরো টলারেন্স
অপরাধ, রাজনৈতিক সন্ত্রাস ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর অভিযান।

রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী সুরে প্রধানমন্ত্রী বলেন, “বাংলা এবার সব প্রতিকূলতা জয় করার সিদ্ধান্ত নিয়েছে, গোটা রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় উঠতে চলেছে।” একই সঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “এই নির্মম সরকারের বিদায় নিশ্চিত।”মোদী “আইনের গ্যারান্টি”-র কথা তুলে প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার এলে আইনের শাসন, স্বচ্ছতা ও পূর্ণ জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসন চলবে। তিনি বলেন, দুর্নীতি ও নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত সব অমীমাংসিত মামলার ফাইল পুনরায় খোলা হবে। তাঁর কথায়, “দুর্নীতির প্রতিটি মামলা এবং ধর্ষণের প্রতিটি মামলার ফাইল আবার খোলা হবে, কোনো তৃণমূলী দুষ্কৃতী আইনের হাত থেকে রেহাই পাবে না।” সরকারি কর্মীদের জন্যও বড় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনসভায় তৃণমূলকে নিশানা করে মোদীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করে ভয়ভীতির রাজনীতি চালানো হচ্ছে। তাঁর ভাষায়, “তৃণমূলের রাজনীতি ভয়কে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে, গোটা ব্যবস্থাই এক ধরনের গুন্ডারাজের সিন্ডিকেটে পরিণত হয়েছে।” হলদিয়ার এই সভা থেকে মোদীর ৬ গ্যারান্টির বার্তা যে বঙ্গ ভোটে বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হতে চলেছে, তা বলাই যায়।