দুর্গাপূজার আগেই কলকাতার প্যান্ডেলে নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যুরাল!
নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরসুমের আগেই কলকাতার দুর্গাপূজা প্রস্তুতিতে যোগ হয়েছে নতুন আকর্ষণ। শহরের ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারের পুজোর মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বিশেষ ম্যুরাল তৈরি করেছে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ম্যুরালটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেবী দুর্গার আরতি করতে দেখা যাচ্ছে। শিল্পীর তুলিতে ফুটে ওঠা এই শিল্পকর্মে ধর্মীয় আবহ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পভাবনার এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে।পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গোৎসবকে ঘিরে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং শ্রদ্ধার প্রতীক হিসেবেই এই ম্যুরাল নির্মাণ করা হয়েছে। উৎসবের আবহে দর্শনার্থীদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা আয়োজকদের।
প্রতি বছরই কলকাতার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে নানা সামাজিক, ঐতিহাসিক ও সমসাময়িক বিষয়কে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় এবার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই ম্যুরালও বিশেষভাবে নজর কেড়েছে।