সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়, ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য স্বীকৃতি!
নিজস্ব সংবাদদাতা : বাংলা কবিতার জগতে স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায় এ বছরের সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘শ্রেষ্ঠ কবিতা’–র জন্যই এই মর্যাদাপূর্ণ সম্মান পাচ্ছেন তিনি। পুরস্কারের ঘোষণা হতেই বাংলা সাহিত্যজগতে আনন্দ ও অভিনন্দনের ঢল নেমেছে।
অনেকেই বলছেন, দীর্ঘদিনের সৃজনশীল অবদানের যথার্থ স্বীকৃতি পেলেন এই কবি।বাংলা কাব্যধারায় ‘বালি ও তরমুজ’-এর কবি হিসেবে বিশেষ পরিচিত প্রসূন বন্দ্যোপাধ্যায়। আবার অনেকের কাছে তিনি ‘উত্তর কলকাতার কবিতা’-র কবি হিসেবেও সুপরিচিত। তাঁর কবিতায় শহুরে জীবন, স্মৃতি, সময় ও সমাজের নানা অনুভূতি এক অনন্য ভঙ্গিতে ধরা পড়ে—যা বাংলা কবিতার পাঠকমহলে আলাদা মর্যাদা তৈরি করেছে।
সাহিত্য অকাদেমি কর্তৃপক্ষ সোমবার বাংলা-সহ মোট ২৪টি ভারতীয় ভাষায় এ বছরের পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে।
বিভিন্ন ভাষায় নির্বাচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে ছ’টি ছোটগল্প সংকলন, একটি প্রবন্ধগ্রন্থ, একটি সমালোচনামূলক সাহিত্যগ্রন্থ, একটি আত্মজীবনী, দু’টি স্মৃতিকথা এবং আটটি কবিতার বই।
এই তালিকাতেই বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছেন গত শতাব্দীর সত্তরের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।পুরস্কার ঘোষণার পর থেকেই কবি ও সাহিত্যিক মহলে একটাই প্রতিক্রিয়া শোনা যাচ্ছে—এই সম্মান প্রকৃতই একজন যোগ্য কবির প্রাপ্য।