সহকর্মীর মৃত্যুতে পুলিশ মহলে শোক, পরিবারের পাশে দাঁড়ালেন পাপিয়া সুলতানা

অভিজিৎ সাহা: পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ পাত্র (আনুমানিক বয়স ৪০–৪৫ বছর)। তিনি হোমগার্ড দফতরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের কুরকুটবান্দি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা টাউন থেকে ফেরার পথে গড়বেতার রসকুণ্ড মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বিশ্বজিৎ পাত্র। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর বিশ্বজিৎ পাত্রের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর ওই দিন রাতেই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে পৌঁছন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান পুলিশ সুপার। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার হাতও বাড়িয়ে দেন তিনি। প্রিয়জনকে হারানোর বেদনায় ভেঙে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন স্থানীয়রা।এক পুলিশকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে শোকের আবহ তৈরি হয়েছে। কর্তব্যরত কর্মীর অকালপ্রয়াণে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া। শোকের এই সময়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাল জেলা পুলিশ প্রশাসন।