ঝাড়গ্রাম শহরের লজে পুলিশের বড় অভিযান, আটক ২১
নিজস্ব সংবাদদাতা :গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঝাড়গ্রাম শহরের একটি লজে অভিযান চালিয়ে ২১ জন যুবক-যুবতীকে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বিভিন্ন লজে গোপনে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ সামনে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঝাড়গ্রাম শহরের রেনু লজে আচমকা অভিযান চালায়।অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের সকলকেই ঝাড়গ্রাম থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই অভিযানে নেতৃত্ব দেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ-সহ বিশাল পুলিশ বাহিনী। হঠাৎ পুলিশের এই অভিযানে লজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্ত শুধু ওই একটি লজেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না। ঝাড়গ্রাম শহরের অন্যান্য লজেও একই ধরনের কোনও বেআইনি বা অনৈতিক কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, লজ কর্তৃপক্ষের ভূমিকা ও সেখানে কী ধরনের কার্যকলাপ চলছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।