মেদিনীপুরে মাদকচক্রে পুলিশের কড়া হানা-ব্রাউন সুগারের সঙ্গে উদ্ধার সোনা ও নগদ টাকা!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে বড়সড় মাদকচক্রের সন্ধান পেল কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোতোয়ালি বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনায় চয়ন বেরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের কারবার নিয়ে পুলিশের কাছে খবর আসছিল। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা হয়। এরপর মঙ্গলবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোতোয়ালি বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
তল্লাশির সময় বাড়ির একটি আলমারি থেকে উদ্ধার হয় প্রায় ১৫৮ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।অভিযানে শুধু মাদকই নয়, ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না এবং লক্ষাধিক টাকা নগদও উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃত চয়ন বেরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের কারবারের সঙ্গে তাঁর যোগ রয়েছে।এই মাদকচক্রের নেপথ্যে আরও কারা রয়েছে, কোথা থেকে মাদক সরবরাহ করা হত এবং জেলার কোন কোন এলাকায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত—তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।