চন্দ্রকোনারোডে পুলিশের অভিযানে ১৯ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার যুবক
অভিজিৎ সাহা:গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রী এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোশারফ মণ্ডল। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে পুলিশের দাবি।স্থানীয় সূত্রে অভিযোগ, ডিগ্রী এলাকার টিভি হাসপাতাল সংলগ্ন একটি জরাজীর্ণ বাড়িতে বেশ কিছুদিন ধরেই মাদক কারবার চলছিল। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ও চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য।অভিযানে একজনকে গ্রেফতার করা হলেও মাদকচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।