তিলোত্তমা ইস্যুতে উত্তাল রাজনীতি, পরিবারের পাশে ‘ন্যায়বিচার মঞ্চ’—কড়া আক্রমণ জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও বাম শিবিরের বিরুদ্ধে!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানিহাটিতে ডাক্তার তিলোত্তমার মায়ের প্রার্থী হওয়াকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই আবহেই তিলোত্তমার মা-বাবার ডাকে সাড়া দিয়ে তাঁদের পাশে এসে দাঁড়াল ‘ন্যায়বিচার মঞ্চ’। জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও বামপন্থী শিবিরের বিরুদ্ধে সরাসরি প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে এই সংগঠন। তিলোত্তমার বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান ‘ন্যায়বিচার মঞ্চ’-এর সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল।

সেখানে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা। ডক্টর গোস্বামী দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে স্বচ্ছ হিসেব রাখা ও জনস্বার্থে তহবিল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, তিলোত্তমার মৃত্যুকে হাতিয়ার করে আন্দোলনের নামে তহবিল তুলে তা আত্মসাৎ করা হয়েছে।এই বৈঠকে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর পাশাপাশি উপস্থিত ছিলেন অনামিকা মণ্ডল, প্রিয়ব্রত ভট্টাচার্যী ও শ্রীমন্ত পালিত।

শেষে ‘ন্যায়বিচার মঞ্চ’ জানিয়েছে, রাজনৈতিক মতভেদ ভুলে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তিলোত্তমার মা রত্না দেবনাথকেই জনতার প্রতিনিধি হিসেবে সমর্থন করবে তারা। তিনি আরও বলেন, “এই আন্দোলনের লক্ষ্য কখনওই তিলোত্তমার ন্যায়বিচার ছিল না, বরং রাজনৈতিক ও আর্থিক সুবিধা নেওয়াই ছিল মূল উদ্দেশ্য।”

পাশাপাশি অভিযোগ তোলেন, আন্দোলনের সময় জুনিয়র ডাক্তাররা ডিউটি কমিয়ে সাধারণ মানুষকে সমস্যার মুখে ঠেলে দিয়েছেন। অন্যদিকে, ‘ন্যায়বিচার মঞ্চ’-এর কো-কনভেনর অনামিকা মণ্ডল জানান, এই আর্থিক দুর্নীতির বিষয়টি আগামী দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র নজরে আনা হবে। ইতিমধ্যেই সংগঠনটি ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি মামলার পুনর্বিচারের দাবিতেও সরব হয়ে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করা হয়। এদিকে, তিলোত্তমার মা-বাবাও ‘ন্যায়বিচার মঞ্চ’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, মেয়ের মৃত্যুর পর কিছু গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় বিভৎস ভিডিও ছড়িয়ে মানসিকভাবে আঘাত করছে। “ওদের আসল মুখ আমরা চিনে ফেলেছি বলেই আমাদের ওপর এত আক্রোশ,”—বলেছেন তিলোত্তমার পরিবার।