বদলের বাংলায় একঝাঁক রাস্তার নতুন নামের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণির নাম হতে পারে শ্রী চৈতন্যদেবের নামে!
অভিজিৎ সাহা: কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গঠিত নামকরণ মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ধাপে ধাপে শহরের বেশ কয়েকটি রাস্তার নতুন নাম ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণি, যার নতুন নাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে করার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি লেনিন ও কার্ল মার্কসের নামাঙ্কিত কয়েকটি রাস্তার নামও পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, কলকাতায় মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ শাসকদের নামে কোনও রাস্তার নাম রাখা হবে না। তিনি বলেন, ভগিনী নিবেদিতা ছাড়া বিদেশিদের নামে নামকরণ না করার নীতিই অনুসরণ করবে সরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্তদের সম্মান জানাতে সরকার সদা প্রস্তুত।রাস্তার নামকরণ মূল্যায়নের জন্য গঠিত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে। তাঁর নেতৃত্বে ঐতিহাসিক, গবেষক এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা করে সরকারের কাছে সুপারিশ পাঠাবে। সরকারি অনুমোদনের পর পর্যায়ক্রমে নতুন নাম কার্যকর করা হবে। সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসানো হতে পারে।এ প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন, ভারতীয় ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং সংস্কৃতির সঙ্গে যাঁরা গভীরভাবে যুক্ত, তাঁদের নামেই রাস্তার নামকরণের সুপারিশ করা হবে। তাঁর মতে, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।উল্লেখ্য, গত মাসে সরকার প্রথমবারের মতো সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখে। এরপর থেকেই কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। এবার সেই তালিকায় বিশ্ব বাংলা সরণিসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম উঠে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।তবে এই সম্ভাব্য নাম পরিবর্তনের বিষয়ে সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। সরকারি অনুমোদনের পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।