ভোট বয়কটের পথে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান!

নিজস্ব সংবাদদাতা: গণতান্ত্রিক দেশের ভোটাধিকার নিয়েই এবার ক্ষোভে ফুঁসছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান। হিন্দু মন্দিরের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যিনি একসময় সবার নজর কেড়েছিলেন, সেই ইয়াসিনই এবার ভোট বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে প্রকাশিত ভোটার তালিকায় ইয়াসিন পাঠানের ছেলে-মেয়ের নাম নেই। অথচ, তাঁর দাবি—২০০২ সাল থেকেই তিনি এবং তাঁর স্ত্রী নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি, তাঁর ছেলে-মেয়েরাও একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। হঠাৎ করেই তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ায় চরম উদ্বেগে পড়েছেন তিনি। ইয়াসিন পাঠান স্পষ্ট ভাষায় বলেন, “২০০২-এর ভোটার তালিকায় আমার নাম রয়েছে, আমার স্ত্রীর নামও আছে। আমার ছেলে-মেয়েরাও কয়েকবার ভোট দিয়েছে। তাহলে হঠাৎ কেন তাদের নাম নেই? রাষ্ট্রপতি আমাকে পুরস্কার দিয়েছেন, কিন্তু আমার পরিবারের ছেলে-মেয়ে ভোটার নয়—এটা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতেও তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথায়, “আমার ছেলে-মেয়ে ভোট দিতে পারবে না, আর আমি ভোট দেব—এটা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় মানা যায় না। তাই আমি ভোট দেব না।” এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনও কারণ—তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভোটের মুখে এমন ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন অনেকেই।